সুয়ারেজের আপীলের শুনানি ৮ আগস্ট
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:০২
বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা কর্তৃক চার মাসের নিষিদ্ধাদেশের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএসএ) করা বার্সেলোনা তারকা লুইস সুুয়ারেজের আপীলের শুনানি আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। ফিফা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইতালির জিওর্জিও কিয়েলিনিকে কামড় দেয়ার অপরাধে উরুগুইয়ান স্ট্রাইকারকে এ শাস্তি দেয় ফিফা।
নিষিদ্ধাদেশের বিরুদ্ধে ২৭ বছর বয়সী এ তারকার প্রাথমিক আবেদন খারিজ করে দিয়েছিল ফিফা। ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিভারপুল থেকে ৭৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে গত মাসে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ। তাই সুয়ারেজ, উরুগুয়ে এবং বার্সেলোনা যৌথভাবে এ আপীল করে। সিএসএ মামলাটি ফাস্ট ট্র্যাক হিসেবে শুনানি করতে সম্মত হয়েছে এবং শুনানি শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায় পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।