মূলধন ঘাটতি পূরণে ১৪শ’ কোটি টাকা চেয়েছে বেসিক ব্যাংক
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:০৪
মূলধন ঘাটতি পূরণে সরকারের কাছে জরুরিভিত্তিতে প্রায় ১৪শ’ কোটি টাকা চেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। সমপ্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর এ আবেদন জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ অনুধাবন করছে যে, মূলধন ঘাটতির কারণে ব্যাংকের বৈদেশিক বাণিজ্য, ক্যামেল রেটিং ও ক্রেডিট রেটিংয়ে ব্যাপক ঋণাত্মক প্রভাব ফেলছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমকে প্রচ্লভাবে বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাসেল-২ অনুসারে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ কোটি টাকা। ঝুঁকিভিত্তিক সম্পদ বৃদ্ধি, ঋণের বিপরীতে প্রভিশন ঘাটতি বৃদ্ধি, শ্রেণীকৃত (খেলাপি ঋণ) ঋণের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি কারণে ব্যাংকের মূলধন ঘাটতি ক্রমান্বয়ে বেড়েছে। চলতি বছরের ঝুঁকিভিত্তিক সম্পদ ও প্রভিশন ঘাটতি বৃদ্ধিও বিষয়টি বিবেচনায় নিলে মূলধন ঘাটতি ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। আবেদনপত্রে প্রদত্ত তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ৭৮৮ কোটি ৮১ লাখ টাকা।
প্রসঙ্গত, সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে গত ২৯ মে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে গত ৬ ও ৭ জুলাই নতুন করে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করে সরকার।