এনবিআরের ৪ সদস্য সচিব হলেন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারজন সদস্যকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। এনবিআরর ইতিহাসে এই প্রথম একসঙ্গে সদস্য পদমর্যদার চার কর্মকর্তাকে সচিব পদমর্যদা দেওয়া হলো। এতদিন তারা অতিরিক্ত সচিব পদে ছিলেন। একই সঙ্গে তাদের বেতন কাঠামো গ্রেড-১ এ উন্নীত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩১ জুলাই বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার থেকেই ওই আদেশ কার্যকর করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন - এনবিআরের সিনিয়র সদস্য জাহান-আরা সিদ্দীকি, ফরিদ উদ্দীন, সৈয়দ আমিনুল করিম ও মোহাম্মদ আলাউদ্দিন। এদের মধ্যে এদের মধ্যে প্রথম দু’জন বিসিএস কাস্টম ক্যাডারের এবং অবশিষ্টরা বিসিএস ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা। এতদিন তারা জাতীয় বেতন কাঠামোর গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পেতেন। গ্রেড -১ এ উন্নীত করার ফলে এখন থেকে তারা সচিব স্কেলে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করবেন। গত বছর বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতর ও সংস্থায় কর্মরত বেশ কজন কর্মকর্তাকে বেতন কাঠামো গ্রেড-১ এ উন্নীত করে সচিব পদমর্যদা দেওয়ার যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো, সেই সিদ্ধান্তই কার্যকর করলো সরকার। সচিব পদমর্যাদায় এনবিআর চেয়ারম্যান পদটি বর্তমানে প্রতিষ্ঠানের শীর্ষপদ। তার অধীনে মোট ষোলজন সদস্য আছেন। আইন অনুযায়ী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব একই সঙ্গে এনবিআর চেয়ারম্যান। এখন চারজনকে গ্রেড -১ এ উন্নীত করার ফলে তারাও সচিব পদমর্যদা পেলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, সরকার ইচ্ছা করলে তাদের মধ্য থেকে যে কাউকে অন্য মন্ত্রণালয়ে সচিব নিয়োগ দিতে পারেন। অথবা এনবিআরের বর্তমান পদেও বহাল রাখতে পারেন।