আইপিওতে আসা কিছু কোম্পানিতে বিনিয়োগ করে হতাশ বিনিয়োগকারীরা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:০৫
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসা অনেক কোম্পানিই বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। বাজারে আসার পর কিছু কোম্পানির মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে যাচ্ছে। ফলে ইস্যু মূল্যের নিচে নেমে আসছে কোনো কোনো কোম্পানির শেয়ার দর। গত এক বছরে পুঁজিবাজারে আসা কোম্পানিগুলোর মধ্যে ২টির শেয়ারের দর ইস্যু মূল্যের নিচে নেমে গেছে। একটি নাম লিখিয়েছে ‘জেড’ ক্যাটাগরিতে।
বিনিয়োগকারীরা বলছেন, দুর্বল কোম্পানি অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে তালিকাভুক্তির সুযোগ পাওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, কোম্পানির ব্যবসায়িক পরিধি বৃদ্ধির জন্য শেয়ারবাজারের নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়া প্রয়োজন। যেন অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে বিনিয়োগকারীদেরকে ক্ষতির মুখে ফেলতে না পারে কোম্পানিগুলো সেজন্য নিয়ন্ত্রক সংস্থাকে আরও সতর্ক হওয়া প্রয়োজন। তথ্যে দেখা গেছে, ২০১৩ সালে আইপিওর মাধ্যমে ১৫টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর মধ্যে প্রিমিয়াম ছাড়া শেয়ার বিক্রি করা ৭টি কোম্পানি হচ্ছে- ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড, ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আর প্রিমিয়ামসহ আইপিওতে আসা ৮ কোম্পানি হচ্ছে- অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড।
এসব কোম্পানির মধ্যে আর্থিক খাতের ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তালিভুক্তির সময় ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যু করা হয়। বর্তমানে শেয়ার দর ১১ টাকা। কোম্পানিটি তালিকাভুক্তির প্রথম বছরেই ৪ কোটি ১৮ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান দেখিয়ে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। ওরিয়ন ফার্মা ৫০ টাকা প্রিমিয়ামসহ ৬০ টাকা মূল্যে শেয়ার ইস্যু করে। বর্তমানে শেয়ার দর ৪২ টাকা। আর সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা মূল্যে শেয়ার ইস্যু করে। বর্তমানে শেয়ার দর ৪২ টাকা।