জাপানী উদ্যোক্তাদের জন্য ৪০ শিল্প প্লট

দেশের পাঁচটি ইপিজেডে জাপানী উদ্যোক্তাদের জন্য ৪০টি শিল্প প্লট বাছাই করা হয়েছে। এসব প্লটের পাশাপাশি জাপানী উদ্যোক্তাদের জন্য ২টি কারখানা ভবন সংরক্ষিত রাখা হচ্ছে। জাপানী উদ্যোক্তাদের জন্য এ সুযোগ আগামী ১ বছরের জন্য সংরক্ষিত থাকবে। জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী এ প্লট ও কারখানা ভবন সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী জাপানী বিনিয়োগকারীদের জন্য এ শিল্প প্লট নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিল সরকার। ওই নির্দেশনার প্রেক্ষিতে সমপ্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বেপজা একথা জানায়। বৈঠকসূত্রে জানা যায়, সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদী ও উত্তরা ইপিজেডে ১০টি করে এবং মংলায় ২০টি প্লট চিহ্নিত করা হয়েছে। এছাড়াও আদমজী ও কুমিল্লা ইপিজেডে একটি করে নির্মাণাধীন কারখানা ভবন সংরক্ষিত থাকবে। সভায় প্র্রধানমন্ত্রীর জাপান-চীন সফরের সময়ে দুই দেশের সঙ্গে সম্পাদিত সমঝোতা চুক্তিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে বেশকিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ থেকে ২৮ মে জাপান এবং ৬ থেকে ১১ জুন চীন সফরে যান। ওই সময় দুই দেশের সঙ্গে বাংলাদেশের বেশকিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর পরবর্তী ওই বৈঠকের কার্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সামুদ্রিক সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবহার, সমুদ্র গবেষণা, নৌ-পরিবহন এবং পর্যটনের ওপর জাপান ও চীনের সহযোগিতা চায় সরকার। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞদের সম্মেলনে চীন ও জাপানের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উত্সাহিত করতে চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও বিনিয়োগ অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।