শিল্পঋণে সুদহার কমাতে ১৯ ব্যাংককে নির্দেশনা

শিল্পখাতের ঋণের সুদহার কমাতে ১৯ ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ খাতের গ্রাহকদের ঋণ গ্রহণে আগ্রহী করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের প্রতিবেদনে দেখা গেছে এ ১৯ ব্যাংক শিল্পখাতের ঋণে বেশি সুদ নিচ্ছে। যদিও তারা আমানতের সুদহার কমিয়েছে। এ প্রেক্ষাপটেই কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ সুদের কারণেই শিল্পখাতের পুরাতন গ্রাহক ও নতুন উদ্যোক্তারা ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছেনা। ফলে কর্মসংস্থান বাড়ছেনা। এতে দেশের অর্থনীতিও হচ্ছে পাচ্ছে না কোন সুফল। তাই দেশের অর্থনীতি গতিশীল করতে শিল্পখাতের ঋণে সুদের পরিমাণ কমানোর বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোতে এখন যথেষ্ট পরিমাণ তারল্য রয়েছে। এমন অবস্থায় উচ্চ হারে সুদ আদায় করা কোনভাবেই যৌক্তিক নয়। ১৯টি ব্যাংক বৃহত্ ও মাঝারি শিল্পে মেয়াদি ঋণ খাতে সাড়ে ১৫ শতাংশ সুদ আরোপ করেছে। এজন্যই তাদেরকে চিঠি দিয়ে সুদের হার কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। যেসব ব্যাংককে চিঠি দেয়া হয়েছে সেগুলো হলো, বেসিক, বাংলাদেশ কমার্স, ব্র্যাক, ঢাকা, এক্সিম, আইসিবি ইসলামিক, মার্কেন্টাইল, উত্তরা, এনসিসি, শাহজালাল ইসলামী, ইউনাইটেড কমার্শিয়াল, প্রিমিয়ার, দি ফার্মার্স, মেঘনা, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, ইউনিয়ন, এনআরবি, মধুমতি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক।