ঘেরের কবলে আমন ফসল

সাতক্ষীরা জেলার ধুলিহর ইউনিয়নের আন্দারমানিক বিলে গতবার অতি বৃষ্টির কারণে উত্পাদিত ধান নষ্ট হওয়ায় চাষিরা ঋণগ্রস্ত হয়। একদিকে বৃষ্টির পানি জমিতে নালা কেটে নদীতে নিষ্কাশনের যে ব্যবস্থা এযাবত্কাল ছিল তার পথ বন্ধ করে দিয়েছে বেতনা নদীর পাড় ঘেঁষে সৃষ্ট নব্য ঘের মালিকরা। অন্যদিকে এ নদীর নাব্যতা অস্বাভাবিক কমে যাওয়ায় খালে পলি জমে স্লুইসগেট প্রায় বন্ধ হয়ে গেছে। লোনা পানি ঘের মালিকরা পাইপ ও মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করে তাদের ঘেরের মধ্যে ঢুকিয়ে মাছ চাষ করে। প্রশাসনের তরফ থেকে এযাবত্ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অর্থাত্ নদী খনন করে পলিমুক্ত করা ও ফসলি জমিতে জমা বৃষ্টির পানি নালা কেটে খালে ফেলার দাবি অধরাই থেকে যাচ্ছে। বৃষ্টির পানি রুদ্ধ হওয়ায় ফসলি জমিগুলো চাষোপযোগী করে ফসল বুনতে এখন ঘের মালিকদের কৃপার ওপর নির্ভর করতে হচ্ছে চাষিদের। ঘের মালিকরা কোনো ছাড় দিতে নারাজ। এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মান্নান গাজী, সুপারীঘাট, ধুলিহর, সাতক্ষীরা