সাতক্ষীরায় জামায়াত কর্মী গ্রেফতার
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:১৩
সাতক্ষীরায় পুলিশের কাছ থেকে গ্রেফতারী পরোয়ানার আসামি, যুবদল নেতা আক্তারুজ্জামান বাপ্পিকে ছিনতাইয়ের ঘটনায় শফিকুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে। এর আগে শুক্রবার রাতে গ্রেফতারি পরোয়ানার আসামি ছিনতাইয়ের ঘটনায় জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মীকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজ।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা বাজার এলাকা থেকে ঝাউডাঙা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আক্তারুজ্জামান বাপ্পিকে ছিনেয়ে নিয়ে যায়। পুলিশ যুবদল নেতা বাপ্পিকে এখনও গ্রেফতার করতে পারেনি।
ছাতকে জামায়াত নেতা গ্রেফতার
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারী, জামায়াত নেতা বিল¬াল আহমদ ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই হারুন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ফাহিম গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের মৃত রমিজ আলীর পুত্র। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।