সৈয়দপুর বিমানবন্দরে ডিজিটাল সুবিধা চালু হয়নি এখনও
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:১৪
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে এখনও ডিজিটাল সেবার আওতায় আনা হয়নি। ফলে বিমানবন্দরে বিভিন্ন দপ্তরে চলছে মান্ধাতা আমলের টাইপরাইটারের কার্যক্রম। এতে করে দাপ্তরিক কাজে গতি আসছে না। সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দরে অনলাইন সেবা চালু না হওয়ায় সারাদেশের অপরাপর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে চিঠিপত্রের মাধ্যমে। কোন জরুরি বার্তার ক্ষেত্রেও ডাক বিভাগ কিংবা কুরিয়ার সার্ভিসের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। তবে কোন কোন ক্ষেত্রে জরুরি বার্তা পৌঁছে দেয়া হচ্ছে মুঠোফোনের মাধ্যমে, যার দাপ্তরিক নথি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। এতে করে যোগাযোগের ক্ষেত্রে দেখা দিয়েছে স্থবিরতা। সৈয়দপুর বিমানবন্দরের হিসাব বিভাগ, প্রকৌশল বিভাগ, আবহাওয়া দপ্তরে সর্বক্ষেত্রে টাইপ মেশিনের উপর নির্ভরশীল। কোন দপ্তরেই কম্পিউটার সুবিধা নেই। তবে বিমানবন্দর ব্যবস্থাপকের দপ্তরে একটি কম্পিউটার থাকলেও সেটি ব্যবহার করেন ব্যবস্থাপক নিজেই।
সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ বলেন, যেখানে সরকার ডিজিটাল বাংলাদেশ শ্লোগান দিয়ে সর্বত্র অনলাইন সেবা চালুর প্রক্রিয়া অব্যাহত রেখেছে, সেখানে বিমানবন্দরের মতো একটি জরুরি ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে কম্পিউটারাইজড করা হয়নি এটা বিস্ময়ের ব্যাপার।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সৈয়দপুর বিমানবন্দরের জন্য ৫ সেট কম্পিউটার পাঠিয়েছেন।