চারঘাটে মোড়ে মোড়ে জুয়ার আসর, চলছে মাদক সেবনও

রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন মোড়ের ঝোপের আড়ালে চলছে রমরমা জুয়ার আসর। এতে বিপথগামী হচ্ছে স্থানীয় যুব সমাজ। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। কিন্তু এসব যেন দেখার কেউ নেই। উপজেলার বিভিন্ন এলাকার লোকজন জানান, চারঘাট উপজেলার বিভিন্ন মোড়ে চায়ের দোকানের আড়ালে, বাঁশ ও আম বাগানে, ঝোপের আড়ালে চলছে জুয়ার আসর। ইউসুফপুরের নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক বলেন, দীর্ঘ দিন ধরে ইউসুফপুর হাজীর মোড়ে চায়ের দোকানের পিছনে এবং বাঁশ বাগানে প্রতিদিন সকাল থেকে মধ্য রাত পর্যন্ত রমরমা জুয়ার আসর বসছে। বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট হলেও যেন দেখার কেউ নেই। জানা গেছে, শুধু জুয়ার আসরেই সীমাবদ্ধ থাকছে না অভিযুক্তরা। তারা গাজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এতে বিপথগামী হচ্ছে যুবসমাজ ও মজুর শ্রেণী। ভারতীয় সীমান্ত এলাকা হওয়ায় জুয়ার পাশাপাশি জমে ওঠে মাদকসেবন ও বিক্রির ব্যবসাও। কেউ প্রতিবাদ করলে তাকে বা তার আত্মীয়-স্বজনের বাড়িতে ফেনসিডিল রেখে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ কারণে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। সূত্র জানায়, হাজীর মোড় ছাড়াও স্লুইসগেট, ঝিকরা, অনুপমপুর, পুঠিমারী, ভায়ালক্ষ্মিপুর, কাকরামারী, পরাণপুর, তালবাড়িয়া এলাকায় তাস খেলার আড়ালে চলে জুয়া ও মাদকের রমরমা বাণিজ্য। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি গোলাম মোর্তুজা বলেন, মোড়ে মোড়ে জুয়া ও মাদকের আসর বসার কোন তথ্য তার জানা নেই। তবে এধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের অবশ্যই কঠিন শাস্তি পেতে হবে।