রাজশাহীতে ওসির সামনেই মেয়ের প্রেমিককে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:১৫
রাজশাহীতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মেয়ের প্রেমিককে থানায় তুলে এনে ওসির সামনে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে বোয়ালিয়া মডেল থানার ওসির চেম্বারে এই হুমকি প্রদানের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে ভুক্তভোগী কলেজ ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ নম্বর ধারায় বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন। থানার ডিউটি অফিসার এএসআই দুলাল জানান, ফাহিম শাহরিয়ারকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারে ফাহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাদীর মেয়ে সানজিদা আলম প্রিয়াকে উত্ত্যক্তের অভিযোগ আনা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী মডেল স্কুল ও কলেজ থেকে গত বছর এইচএসসি পাস ফাহিম শাহরিয়ারের (২০) সঙ্গে স্থানীয় মহিলা কলেজের ছাত্রী প্রিয়ার (১৯) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ নেতা মাহফুজুল আলম লোটন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচা।