ইরানি সংসদীয় প্রতিনিধি দল আজ আসছেন

ইরান পার্লামেন্টের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ৫ দিনের সফরে বাংলাদেশে আসছেন। ইরান পার্লামেন্টের মহিলা ও পরিবার বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ফাতিমা রাহবার প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দল আজ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রতিনিধি দলকে স্বাগত জানাতে বিমান বন্দরে দশম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যবর্গসহ বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন। প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থায়ী কমিটির সাথে সাক্ষাত্ করবেন। প্রতিনিধি দলের সদস্যবর্গ ঢাকায় অবস্থানকালে ইরানী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার হোসেনী দালান, বারিধারার আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মোহাম্মদপুরে নকশীকাঁথা কাটিং এন্ড ট্রেনিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সিয়ান ল্যাংগুয়েজ ও সাহিত্য কেন্দ্র এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মেমোরিয়াল পরিদর্শন করবেন।