দোকানঘরের জন্য লিজ দেয়া হয়েছে মান্দা ফেরিঘাটের যাত্রী ছাউনি
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:২৯
নওগাঁ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন একমাত্র যাত্রী ছাউনিটি স্থানীয় এক ব্যক্তিকে দোকানঘরের জন্য লিজ দেয়া হয়েছে।
প্রায় ২৫ বছর আগে মান্দা ফেরিঘাট ব্রীজের পশ্চিমপাশে বাসস্ট্যান্ড এলাকায় একমাত্র যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়। এতে পুরুষ ও নারী যাত্রীদের জন্য বসার আলাদা ব্যবস্থা রয়েছে। যাত্রীরা এখানে বসে বাসের জন্য অপেক্ষা করেন। যাত্রাপথে ঝড়-বৃষ্টিতে সাধারণ মানুষের একমাত্র আশ্রয়স্থল এটি।
নওগাঁ জেলা পরিষদের স্মারক নম্বর-নজেপ/প্রশা/২৫/৯৭-৯৮/২০১৪/৩০৪ সূত্রে জানা যায়, এই যাত্রী ছাউনি দোকানঘরের জন্য উপজেলার সাহাপুর মাইনুল ইসলামকে বরাদ্দ দেয়া হয়েছে। ১০ হাজার টাকা জামানত ও মাসিক ৮০০ টাকা চুক্তিতে এটি বরাদ্দ দেয়া হয়। অভিযোগ উঠেছে, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যানেজ হয়ে যাত্রী ছাউনিটি লিজ প্রদান করেছেন।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন কোনো কথা বলতে রাজি হননি। এই যাত্রী ছাউনিতে একপাশে বিআরটিসি ও আরেকপাশে মেইল বাসের কাউন্টার রয়েছে। চেইন মাষ্টাররা এখানে একটি টেবিল ও একটি চেয়ার পেতে যাত্রীদের নিয়মিতভাবে সেবা দিয়ে আসছেন।
গত ১৭ জুলাই জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে তিনদিনের মধ্যে যাত্রী ছাউনির অবৈধ দখল ছেড়ে দেয়ার জন্য বিআরটিসি বাসের কাউন্টার মাষ্টার আব্দুল হাই জুয়েলকে নির্দেশ দেয়া হয়েছে। পত্রে জেলা পরিষদের মালিকানাধীন মান্দা ফেরিঘাট যাত্রী ছাউনির একটি কক্ষে চেয়ার-টেবিল পেতে বিআরটিসি বাসের কাউন্টার হিসেবে ব্যবহার বেআইনী উল্লেখ করে দখল ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।