গফরগাঁওয়ে ভিজিএফের চাল বিতরণে হরিলুট
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩২
ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ, অতিদরিদ্রদের সহায়তা প্রদানের জন্য প্রদত্ত ভিজিএফের চাল নিয়ে হরিলুট হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যান ও ডিও ব্যবসায়ীদের নেতৃত্বে সিন্ডিকেট ভুয়া নাম দেখিয়ে, ভুয়া মাস্টার রোল তৈরি করে ও ওজনে কম দিয়ে উপজেলার ১৫টি ইউনিয়নে কমপক্ষে ৭৫ লাখ টাকা মূল্যের ৩০০ মেঃ টন চাল বিক্রি করে দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। জনতা উপজেলার একাধিক স্থানে কালোবাজারে বিক্রি করা ভিজিএফের চাল আটক করেছে।
জানা গেছে, সরকার চলতি ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নে ৬৬ হাজার ৩’শ ২৮ জন ব্যক্তি বা পরিবারকে ১০ কেজি করে ৬৬৩.২৮ মেঃটন চাল বরাদ্দ দেয়। এসব চাল ঈদের ২/৩ দিন পূর্বে বিতরণ করা হয়। কিন্তু ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে এ উপজেলার প্রায় ৩০ হাজার ব্যক্তি বা পরিবার সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, লুটপাট হয়েছে ৩০০ মেঃ টন চাল।
সম্প্রতি জনতা উপজেলার উটিয়া বাজারে লংগাইর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন ইসমাইলের দোকানে (লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের নির্বাচনী কার্যালয়ে) ৫০ কেজির ৬০ বস্তা ভিজিএফের চাল আটক করে থানা পুলিশকে খবর দিলে পাগলা থানা পুলিশ এই চাল আটক করে দোকানটি সিলগালা করে দেয়। মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সীলগালা ভেঙ্গে আটককৃত ভিজিএফের চাল লুট করে নিয়ে যায়। গত রবিবার রাতে উপজেলার ছয়ানি রসুলপুর গ্রামে চাল ব্যবসায়ী খলিলুর রহমান এবং তফাজ্জল হোসেনের বাড়ি থেকে ১১০ বস্তা ভিজিএফের চাল জনতা আটক করে থানা পুলিশকে খবর দিলে গফরগাঁও থানা পুলিশ চালগুলো উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে চাল ব্যবসায়ীরা জানায়, তারা চালগুলো যশরা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের কাছ থেকে কিনেছেন। মশাখালী ইউনিয়নে ৫ হাজার ১’শ ব্যক্তি বা পরিবারের বিপরীতে ৫১ মেঃটন চাল বরাদ্দ দেয়া হয়। এই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, তারা ৯টি ওয়ার্ডে ৩০০টি করে ২ হাজার ৭’শ জন ব্যক্তির কাছে চাল বিতরণ করেছে। বাকি চাল কি হয়েছে চেয়ারম্যান বলতে পারবেন।
সরেজমিনে গিয়ে, খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় প্রতিটি ইউনিয়নে ভুয়া নাম দেখিয়ে, মাস্টার রোলে ভুয়া টিপসই দিয়ে এবং ১০ কেজির পরিবর্তে ৬/৭ কেজি চাল দিয়ে ভিজিএফের চালের হরিলুট করা হয়েছে।
এ ব্যাপারে যশরা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, চাল উদ্ধারের ঘটনা আমার রাজনৈতিক প্রতিপক্ষরা সাজিয়েছে।
গফরগাঁও থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় মামলা করার জন্য দুদকে কাগজপত্র পাঠানো হয়েছে।