দোহারে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে দোহার নবাবগঞ্জ নাগরিক ফোরাম নামে একটি সংগঠন মানববন্ধন করেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর নদীর পাড়ে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সমন্বয়ক মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক মোল্লা বলেন, প্রতি বছর নদী ভাঙ্গনে শত শত পরিবার গৃহহারা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ওয়াদা গত ৬ বছরেও বাস্তবায়ন হয়নি। তিনি অনতিবিলম্বে পদ্মা রক্ষা বেড়িবাঁধ তৈরি করে দোহার নবাবগঞ্জের হাজারো পরিবারকে ভাঙ্গন থেকে রক্ষার দাবি জানান। সংগঠনের সদস্য সচিব মাসুদুর রহমান বলেন, পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশসহ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে দোহার নবাবগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক লোক অংশ নেয়।