শিশু অপহরণের দায়ে চাটমোহরে মহিলাসহ ৩ জন গ্রেফতার

পাবনার চাটমোহরে অপহরণের ১৭ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ৬ বছরের শিশু রনি সরকার। তবে অপহরণের অভিযোগে পুলিশ মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কামালপুর দহপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক সরকারের ছেলে তারিকুল সরকার, মকবুল হোসেনের ছেলে মাহবুল ও আটঘরিয়া উপজেলার কুমেরশ্বর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী তাছলিমা খাতুন। প্রধান সন্দেহভাজন আ. মান্নান পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তরিকুল ও মাহবুব পাবনার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট শিপন কুমার মোদকের আমলী আদালত-৪ এ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। গ্রেফতারকৃত তরিকুল শিশু রনির চাচাতো ভাই। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। উপজেলার কামালপুর দহপাড়া গ্রাম থেকে গত ১৭ জুলাই আ. আউয়ালের ছেলে রনি সরকারকে অপহরণ করা হয়। অপহরণকারীরা রনির পিতার নিকট ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।