পুঠিয়ায় জৈব সারের অভাবে কৃষি জমির উর্বরতা হ্রাস

পুঠিয়া উপজেলার সর্বত্র জৈব সারের অভাবে আবাদি জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। ফলে আগের তুলনায় ফসলের উত্পাদন কমে গেছে অনেকাংশে। দীর্ঘদিন থেকে পুঠিয়া অঞ্চলে কৃষি জমিতে জৈব সারের ব্যবহার কমে গেছে। কৃষক আবাদি জমিতে মাত্রারিক্ত রাসায়নিক সার ব্যবহার করে চলেছেন। এতে জমিতে জৈব সারের ঘাটতি দেখা দিয়েছে। এলাকার বয়োবৃদ্ধ কৃষকরা জানান, পূর্বে কৃষকের গোয়াল ভরা গরু ছিল। জ্বালানি কাঠের অভাব ছিল না। ফলে সবটুকু গোবর জৈব সার হিসেবে জমিতে ব্যবহার হতো। গো-খাদ্যের অভাব না থাকায় কৃষক মাঠের ধান কাটতো অনেক উঁচু করে। এতে খড়গুলো পচে প্রচুর জৈব সার উত্পন্ন হতো। জমিতে জৈব সার সংকট নিরসনে উপজেলা কৃষি অধিদপ্তর জমিতে ধইঞ্চা/ মুগ কালাই চাষের পরামর্শ দিয়েছেন।