মোটর সাইকেল কেনার টাকার জন্য অপহরণ নাটক

বাবা-মার কাছ থেকে মোটর সাইকেল কেনার টাকা আদায়ের জন্য আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিল কলেজ ছাত্র ফয়সাল যোবায়ের। অবশেষে গত শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ তাকে উদ্ধার করেছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে ফয়সাল স্বীকারোক্তি দিয়েছে বন্ধুদের পরামর্শে বাবা-মার কাছ থেকে মোটর সাইকেল কেনার জন্য মুক্তিপণের নামে ১০ লাখ টাকা চেয়ে নিজে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল। তবে মির্জাপুর থানা পুলিশের দূরদর্শিতার কারণে তার পিতা-মাতা ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে । টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০নং গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকা থেকে গত বুধবার এ অপহরণের ঘটনা ঘটে। মির্জাপুর থানার সেকেন্ড অফিসার শ্যামল কুমার দত্ত জানান, বাবা-মার কাছ থেকে মোটর সাইকেল কেনার জন্য টাকা আদায় করার জন্য একটি অপহরণের সাজানো নাটক করেছিল ফয়সাল।