মুক্তাগাছার ডিস্পেনসারি সড়কের বেহাল দশা
মুক্তাগাছা (ময়মনসিংহ ) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৮
১৮৭৮ সালে প্রতিষ্ঠিত মুক্তাগাছা পৌরসভার সর্বপ্রাচীন পাকা সড়ক ডিস্পেনসারি রোডটি এখন কাঁচা সড়কে পরিণত হয়েছে। ব্যস্ততম এই সড়কের দু’পাশে গত এক দশকে অসংখ্য বহুতল ভবন নির্মাণের কারণে এটি নীচু হয়ে গেছে। এতে বর্ষাকালে সড়কে পানি আটকে সৃষ্টি হয় জলাবদ্ধতার।
জলাবদ্ধার কারণে পার্শ্ববর্তী ড্রেন আর নির্মিত ভবনগুলোর মাটি সড়কে গড়িয়ে এসে পলিতে রুপান্তরিত হয় । তাই পানি সরে গেলে সড়কটি সম্পূর্ণরূপে কাঁচা সড়কে পরিণত হয় । জানা যায়, মুক্তাগাছা জমিদারদের প্রতিষ্ঠিত এই সড়কটি পৌরসভা প্রতিষ্ঠার ৫০ বছর আগে ব্রিটিশি আমলে নির্মিত।
এই সড়কে তত্কালীন প্রখ্যাত চিকিত্সকদের বাসস্থান ছিল বলে সড়কটির নামকরণ করা হয় ডিস্পেনসারি রোড। কালক্রমে শুধু পৌরসভার নথিতেই রয়েছে এই সড়কের নাম। বর্তমানে দরিচারআনি বাজার, বড়মসজিদ রোড হিসাবে এলাকাবাসী সড়কটিকে ব্যবহার করে থাকেন। প্রায় ১ যুগ আগে পৌরসভা এটিকে ইটের খোয়া দিয়ে পিচ ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করে। এরপর আর সংস্কার হয়নি।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ না থাকায় সড়কটি সংস্কার হচ্ছে না। এলাকাবাসী জানান, বর্ষাকালে কাদায় একাকার হয়ে যাওয়ায় চলাচল চরমভাবে বিঘ্নিত হয় ।