মনপুরায় বিআরডিবি নির্বাচনের প্রচারণা তুঙ্গে
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৮
ভোলার মনপুরায় ৬ আগস্ট বিআরডিবি চেয়ারম্যান পদে নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে।
প্রার্থীরা তাদের ব্যক্তিগত ইমেজ ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। বিভিন্ন বাজারে, চায়ের দোকানে ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, লিফলেট, ব্যানার টানিয়ে প্রচারণা চালাচ্ছেন। আবার অনেক প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশীর্বাদ নেয়ার জন্যও জোর তদবির শুরু করেছেন।
নির্বাচনে অংশ নিচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নিজামউদ্দিন, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও হাজীরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ মান্নান হাওলাদার, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস পারভীন আক্তার রেবু, হাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ মেম্বার এবং মনপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির হাওলাদার।
নির্বাচনের ব্যাপারে উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাধিকা জীবন দাস বলেন, নির্বাচন পরিচালনার জন্য জেলা সমবায় কর্মকর্তা ৩ সদস্যের একটি পরিচালনা কমিটি করে দিয়েছেন।