পৃথক ঘটনায় ১১ জন নিহত
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৩৯
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ১১ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজশাহীর গোদাগাড়ীতে ইঞ্জিন চালিত ভটভটি ও কোচের সংঘর্ষে গতকাল শনিবার সকালে আব্দুল মজিদ (৬০) নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, আনোয়ার হোসেন, শাহাদাত, আব্দুল করিম ও জিয়া। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজনকে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
মেলান্দহে বিদ্যুত্স্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চরে গতকাল শনিবার টিনের ঘরে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মো. কামরুল ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির (ভোকেশনাল) ছাত্র।
পীরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রংপুরের পীরগাছায় গতকাল শনিবার দুপুরে পুকুরে ডুবে শাহীন (৯) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণির ছাত্র ছিল।
ধুনটে মত্স্য ব্যবসায়ী নিহত
বগুড়ার ধুনটে গত শুক্রবার সকালে ভটভটি উল্টে বিপ্লব কুমার (৩০) নামে এক মত্স্য ব্যবসায়ী নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সুন্দরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্দ্রপাড়া গ্রামে গত শুক্রবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে সুমন মিয়া (২৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান জানান, সুমন বাড়ির একটি পুকুরে পানি নেয়ার জন্য সেচপাম্পে বিদ্যুত্ সংযোগ দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
সাতকানিয়ায় গাড়ি খাদে পড়ে নিহত এক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পাঠানীপুল এলাকায় বিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গতকাল শনিবার সকালে তিপন ধর (১৮) নামে এক ব্যক্তি নিহত ও ৩০ জন বরযাত্রী আহত হন। আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাফ নদী থেকে মহিলার লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ নাফনদীর প্যারাবন থেকে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি মোক্তার হোসেন জানান, নাফনদী থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জে কাউন্সিলরের চাচার লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাজেদুর রহমানের চাচা আশরাফ আলীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের নয়াদহ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮টার পর থেকে নিখোঁজ হন তিনি। গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
নান্দাইলে গৃহবধূর লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ভাটি কান্দাপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার দুপুরে রাজিয়া (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকার পৌর কাউন্সিলর মো. লিয়াকত আলী খান জানান।
নান্দাইল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, পরিবারের লোকজনের দাবি বিষপান করার ফলে গৃহবধূর মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুঘড়া গ্রামের গোদারপাড়াঘাট এলাকার করতোয়া নদী থেকে গতকাল শনিবার দুপুরে আশরাফ আলী সরকার (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, আশরাফ শুক্রবার বিকালে প্রতিবেশি এক যুবকের বিয়ের বরযাত্রী হয়ে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় যান। বিয়ের কাজ সম্পন্ন হলে তিনি ব্যক্তিগত জরুরি কাজ থাকায় বর যাত্রী রেখে ওইদিন সন্ধ্যায় একাই তিনি যাত্রীবাহী বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি আর বাড়ি ফিরে আসেনি। শনিবার দুপুরে জেলেরা ওই এলাকায় মাছ ধরতে গিয়ে তার লাশ ভাসতে দেখেন।
গোয়ালন্দে সাপের কামড়ে একজনের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার সন্ধ্যায় বিষধর সাপের কামড়ে মো. কুব্বাত তালুকদার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়।