ছয় স্থানে ছয়জন খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। কিশোরগঞ্জে নারীর লাশ উদ্ধার কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট বাজার সংলগ্ন এলাকায় সিংগুয়া নদী থেকে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । বালিয়াকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদরের বালিয়াকান্দি গ্রামে তুচ্ছ ঘটনায় আহত নূরুল বিশ্বাস ওরফে নুরু (৬১) গত শুক্রবার রাত ১১টায় চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার বালিয়াকান্দি গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় সাঈদ বিশ্বাসকে একটি থাপ্পর মারে নুরু বিশ্বাস। পরে বিয়ের যাত্রীরা চলে যাবার পর রাত ৮টায় এ নিয়ে সাঈদ বিশ্বাসের নাতি মিরাজ বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে নুরু বিশ্বাসকে কুপিয়ে জখম করে। বালিয়াকান্দি থানার ওসি আবু শ্যামা মো. আবুল হায়াত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাকেরগঞ্জে চালকের লাশ উদ্ধার বরিশালের বাকেরগঞ্জের নন্দপাড়া গ্রামের একটি ডোবা থেকে গতকাল শনিবার সকাল ১০টায় রাসেল সিকদার (২৬) নামে এক অটো চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেলের ভাই জানান, রাসেল ভাড়ায় আটো চালাত। গত ২২ তারিখ থেকে সে নিখোঁজ। পুলিশ জানায়, ছিনতাইকারীরা তাকে হত্যা করতে পারে। নলছিটিতে স্বামীর হাতে স্ত্রী খুন ঝালকাঠির নলছিটি উপজেলার সৈয়র গ্রামে গত শুক্রবার শাহাবানু (৫২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী আ. বারেক। এ ঘটনায় আ. বারেককে পুলিশ গ্রেফতার করেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীদের ফাঁসাতে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমান পেয়েছে পুলিশ । নলছিটি থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ জানান, নিহত শাহাবানুর গলায় ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহতের শরীর থেকে বাম হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন, নলছিটি থানার ওসি আবুল খায়ের বিকালে ঘটনাস্থলে যান। এ ব্যাপারে নলছিটি থানায় একটি মামলা দায়ের হয়েছে। নান্দাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহের নান্দাইল রেল স্টেশনের পাশ থেকে গতকাল শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ জিআরপি থানার পুলিশ। উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পড়নে ছিল জিন্সের প্যান্ট ও ফুল হাতা শার্ট। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আদিবাসীর নিহত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কচুয়া গ্রামে গতকাল শনিবার দুপুরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ঘুটু সরেন (৫৫) নামে এক আদিবাসী কৃষকের নিহত হয়েছে। এ নিয়ে এলাকার আদিবাসীদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো কেউ মামলা দেয়নি। মামলা দেয়া হলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।