‘দিনে একটা আপেল খাও, পুতিন থেকে রেহাই পাও!’

কথায় বলে, দিনে একটা আপেল খাও ডাক্তার থেকে মুক্তি পাও। অর্থাত্ একটি আপেলের যে পুষ্টিগুণ আছে তা শরীরকে এতটা সুস্থ্য ও সবল রাখতে পারে যাতে ডাক্তার দেখানোর প্রয়োজন পড়বে না। এই কথাটির অনুকরণে পোল্যান্ডের জনগণ ইন্টারনেটে একটি মজার প্রচারণা শুরু করেছে -‘দিনে একটা আপেল খাও, পুতিন হতে রক্ষা পাও!’ মনে হতে পারে, ডাক্তারের আরেক প্রতিশব্দ বুঝি পুতিন। কিন্তু বিষয়টি আসলে তা নয়। গত শুক্রবার থেকে পোল্যান্ডের আপেল আমদানি নিষিদ্ধ করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের অবরোধ আরোপে পোল্যান্ড সমর্থন দেয়ায় রাশিয়া দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে চাইছে। একারণে আপেল আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু পোল্যান্ডের জনগণ তাতে ভীত না হয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ব্যঙ্গপ্রচারণা শুরু করেছে। তারা বলছে, আমরা সবাই যদি দিনে একটা করে আপেল খাই তবে পুতিনের মতো মানুষের কাছে তা আমদানি করার জন্য কাকুতি-মিনতি করা লাগবে না। পোল্যান্ডে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ছেয়ে গেছে এই প্রচারণায়। একজন পোলিশ কৃষক জানিয়েছেন, এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তাদের দেশে যে আপেল উত্পাদন হয় তার প্রায় অর্ধেকই রাশিয়ায় রপ্তানি করা হয়। কিন্তু ‘পুতিনবিরোধী’ প্রচারণায় অংশ নেয়া পোলিশরা স্বদেশী আপেলচাষীদের এই বলে আশ্বস্ত করছেন তারাই বেশি করে আপেল খেয়ে এবং আপেল জুস থেকে উত্পাদিত পানীয় কিনে তাদের ক্ষতি পুষিয়ে দিবেন।