ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তসলিমা নাসরিন
তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৪৫
ভারতে থাকতে চেয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে শনিবার দেখা করেছেন তসলিমা নাসরিন। বিতর্কিত বাংলাদেশি লেখিকাকে এক বছরের ভিসার আবেদন মঞ্জুর করেনি কেন্দ্রের এনডিএ সরকার। তাকে ভারতে থাকার দু’মাসের ট্যুরিস্ট ভিসা দেয়া হয়েছে। এই প্রেক্ষাপটে শনিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন ‘লজ্জা’-র লেখিকা।
২০ মিনিটের বৈঠকে তাকে আরও বেশিদিন ভারতে থাকার অনুমতি দিতে রাজনাথকে তসলিমা আবেদন জানিয়েছেন বলে সরকারি সূত্রের খবর। বৈঠকের পর নিজেই তসলিমা টুইট করেছেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলাম শনিবার অপরাহ্নে। তাকে আমার ‘ও আঁধারে দিন’ বইটা দিলাম। তিনি বললেন, আপনার অন্ধকারে কাটানোর দিনের অবসান হবে।’
উল্লেখ্য, বাংলাদেশের মৌলবাদীদের প্রাণনাশের হুমকির জেরে ১৯৯৪ সাল থেকে গত দু’দশকের নির্বাসনে কখনও আমেরিকা, ইউরোপ, কখনও ভারতে কাটিয়েছেন তসলিমা। ২০০৪ সাল থেকে তিনি নিয়মিত ভারতে থাকার রেসিডেন্ট পারমিট পেয়ে আসছেন। কিন্তু এবারই ব্যতিক্রম হল। ৫১ বছর বয়সী লেখিকা রেসিডেন্ট পারমিটের আবেদন করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাকে মাত্র দু’মাসের ভিসা দিয়েছেন, যার মেয়াদ শুরু হয়েছে ১ আগস্ট। তার ভিসার আবেদনের ভেরিফিকেশন প্রক্রিয়াও শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী ভিসা দেয়া নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে দু’মাসের ভিসা দেয়া হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সরকার এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র।
তসলিমার বাসনা, তিনি ভারতে, বিশেষ করে তার প্রিয় শহর কলকাতায় পাকাপাকি থাকবেন। কিন্তু তার লেখালেখি নিয়ে শহরের সংখ্যালঘুদের একাংশের প্রবল আপত্তি, বিক্ষোভ মারমুখী চেহারা নেয়ায় ২০০৭ সালে তাকে কলকাতা ছাড়তে হয়।