ফের জেল হাজতে নূর হোসেন
তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৫২
নারায়ণগঞ্জের ৭ খুন মামলার মূল অভিযুক্ত নূর হোসেনকে ফের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসত আদালত। গতকাল শনিবার আদালতে তোলার আগে নূর হোসেন সাংবাদিকদের বলেন, তার আত্মীয়রা কলকাতায় এসেছেন। কয়েকদিনের মধ্যে জামিনের আবেদন করা হবে। যদিও গতকাল তার হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।
গতকাল দুপুরে প্রিজন ভ্যানে করে নূর হোসেনকে দমদম জেল থেকে আদালতের হেফাজতখানায় নিয়ে আসা হয়। তখন সাংবাদিকদের নূর হোসেন বলেন, আত্মীয়রা এসেছেন। তাদের সঙ্গে কথা হয়নি। কিন্তু তারা তার জামিনের ব্যাপারে কথাবার্তা বলছেন। এরপর বিকালে বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হলে নূর হোসেন এবং তার দুই সঙ্গীকে আবারো ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।
ওহিদুর জামান শামীমের আইনজীবী তারক চন্দ্র দাস বলেন, তার মক্কেল বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিলেন। পুলিশ বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে। এরপর বিচারক বিধাননগর কমিশনারেটের পুলিশকে ৭ আগস্টের মধ্যে ‘কেস ডায়রি’ আদালতে জমা দিতে বলেছেন। ১৬ আগস্ট ফের নূর হোসেনকে আদালতে হাজির করা হবে।
গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তার দুই সঙ্গী খান সুমন এবং ওহিদুর জামান শামীমকে কলকাতা বিমান বন্দর সংলগ্ন কৈখালির ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার করা হয়। নূর হোসেনদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়। আদালতকে জানানো হয়, বাংলাদেশে সাত খুনের মামলাসহ একাধিক অপরাধে নূর হোসেন অভিযুক্ত। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করেছে। এরপর তাদের ৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক এডুইন লেপচা। এরপর দু’দফায় ১৪ দিন করে এবং শেষ দফায় ১২ দিন জেল হেফাজতে পাঠানো হয় নূর হোসেন এবং তার দুই সঙ্গীকে।