মেহেরপুরে ৩১ জন চিকিত্সক নিয়োগ
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৩
মেহেরপুরে চিকিত্সা সেবার জন্য ৩১ জন চিকিত্সক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। নিয়োগ দেয়া চিকিত্সকদের ৩ আগস্ট থেকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
গত ৪ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘মেহেরপুর জেলার চিকিত্সা সেবা চিত্র, এসিস্ট্যান্টরাই চিকিত্সক’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ৭০ জন চিকিত্সকের পদ শূন্য থাকার রিপোর্ট প্রকাশের প্রেক্ষিতে গত ৩১ জুলাই খুলনা বিভাগ, পরিচালক (স্বাস্থ্য)-এর দপ্তর, সহকারী পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব চিকিত্সকের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেরপুর জেনারেল হাসপাতালে বিভিন্ন পদে ১৯ জন চিকিত্সককে নিয়োগ প্রদান করা হয়েছে। মেহেরপুর সিভিল সার্জন অফিসে দুইজন মেডিক্যাল অফিসার, মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিকে একজন মেডিক্যাল অফিসার ও সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে একজন মেডিক্যাল অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে। জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন মেডিক্যাল অফিসারকে নিয়োগ দেয়া হয়। এদিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেয়া হয় তিনজন চিকিত্সককে। এই নিয়োগপ্রাপ্ত ৩১ চিকিত্সককে বিজ্ঞপ্তি প্রকাশের ৩ দিনের মধ্যে ছাড়পত্র নিয়ে স্ব-স্ব পদে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যোগদান না করলে ৪ দিনের দিন হতে তারা সরাসরি অব্যাহতি পেয়েছে বলে গণ্য হবে।