মোরেলগঞ্জে এক ব্যক্তির চোখ তুলে ফেলেছে সন্ত্রাসীরা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৫
বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ত্রাসীরা আব্দুর রব শেখ (৩৫) নামে এক ব্যক্তির দু’চোখ তুলে ফেলেছে এবং দু’পায়ের রগ কেটে দিয়েছে। উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম খান ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, ঘের ব্যবসার প্রয়োজনে রব শেখ খারইখালী গ্রামের খানজাহান আলীর বাড়িতে থাকতো। ঘেরে চিংড়ি চাষ নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে দুই চোখ তুলে ফেলে এবং দুই পায়ের রগ কেটে দেয়। সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে গেলে এলাকাবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রব শেখের স্বজনরা দাবি করেন, পঞ্চকরণ ইউনিয়নে দীর্ঘদিনের ঘের বিরোধের জের ধরে প্রতিপক্ষ টিটু শরীফের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়েছে। রব শেখ খুলনার টুট পাড়া এলাকার মৃত আশরাব আলী শেখের ছেলে।