ম্যান সিটিতে ল্যাম্পার্ড

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড চেলসি ছেড়ে নিউ ইয়র্ক সিটিতে গেলেও আপাতত ছয় মাসের জন্য ধারে ম্যানচেস্টার সিটিতে খেলতে যাচ্ছেন। খবর নিশ্চিত করেছেন খোদ ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি । সিটি কোচ গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বুধবার থেকে সে আমাদের দলের সঙ্গে কাজ শুরু করবে এবং জানুয়ারি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। সে দলের সঙ্গে কাজ করছে এবং নিজের জায়গার জন্য লড়াই করবে।’ চেলসি ছেড়ে এসে ৩৬ বছর বয়সী মিডফিল্ডার ল্যাম্পার্ড গত মাসে দু’বছরের জন্য নিউ ইয়র্ক সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ম্যানচেস্টার সিটি এবং বেসবল জায়ান্ট নিউ ইয়র্ক ইয়াংকিসদের যৌথ মালিকানার মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক সিটির মৌসুম ২০১৫ সালের মার্চের আগে শুরু হচ্ছে না। এই সময়ে ল্যাম্পার্ডকে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর পরিকল্পনা থেকেই তার সঙ্গে চুক্তি করার পরিকল্পনা করে ম্যানসিটি। প্রাক মৌসুম ফুটবলে অলিম্পিয়াকোসের কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হারার পর ম্যানসিটি কোচ ল্যাম্পার্ডের প্রসঙ্গে বলেন, ‘সে জানে আমাদের অনেক ভাল একটি দল আছে। তার জায়গায় খেলানোর মতো আমাদের অনেক খেলোয়াড়ও আছে। এই জায়গায় সে আরো একজন খেলোয়াড়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগসহ আমাদের সামনে অনেক খেলা আছে। তাই আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ অংশ।’ দীর্ঘ ১৩ বছর চেলসিতে খেলে কিংবদন্তিতুল্য সম্মান অর্জন করেছেন ল্যাম্পার্ড। স্ট্যামফোর্ড ব্রিজের হয়ে ৬৪৯টি ম্যাচ খেলে রেকর্ড ২১১টি গোল করেছেন তিনি। অভিজ্ঞ এ মিডফিল্ডারকে ভাল করেই ব্যবহার করবেন বলে আভাস দেন কোচ পেলেগ্রিনি, ‘সে এখন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। তাকে প্রয়োজন আছে এমন প্রতিটি ম্যাচেই সে খেলবে।’ স্ট্যামফোর্ড ব্রিজে থাকাকালীন চেলসির সহযোগী অধিনায়কের দায়িত্বে ছিলেন ল্যাম্পার্ড। ক্লাবটির হয়ে তিনবার প্রিমিয়ার লিগের শিরোপা, একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং একবার ইউরোপা কাপ শিরোপা জেতেন তিনি। এছাড়া ব্লুজদের চারবার এফএ কাপ এবং দুইবার লিগ কাপ শিরোপার জয়ের পেছনেও অবদান ছিল ওয়েস্ট হ্যামের সাবেক এই খেলোয়াড়ের। বিবিসি