এশিয়ান গেমস ক্রিকেট

মেয়েদের প্রাথমিক দল ঘোষণা

দক্ষিণ কোরিয়ার আসন্ন এশিয়ান গেমসের ১৭তম আসরের জন্য মেয়েদের ক্রিকেটের ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি গতকাল রবিবার জানিয়েছে, আগামী বুধবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। ২০১০ সালে চীনে অনুষ্ঠিত এশিয়া গেমসের সর্বশেষ আসরে বাংলাদেশের নারীরা জিতেছিল রূপা। সেই দলের ১০ সদস্য এবারের আসরের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। সেবার প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র সোনাটিও আসে ক্রিকেটে। পুরুষদের ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে অনুষ্ঠিত হবে এশিয়া গেমসের ১৭তম আসর। ৩৬টি খেলাধুলার মোট ৪৩৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্রীড়াবিদরা। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ ছাড়া বাকি দুটি টেস্ট খেলুড়ে দেশ হল শ্রীলঙ্কা ও পাকিস্তান। এছাড়া খেলবে আরো চারটি আইসিসির সহযোগী দেশ। মেয়েদের প্রাথমিক দল: রুমানা আহমেদ, শায়লা শারমীন, লতা মণ্ডল, খাদিজা তুল কোবরা. ফারজানা হক পিংকি, সালমা খাতুন, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, রিতু মণি, নুজহাত তাসিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, তিথি রানী সরকার, সানজিদা ইসলাম, শারমীন আক্তার সুপ্তা, আয়েশা আক্তার, সোহেল আখতার, শাহনাজ পারভীন, শামীমা সুলতানা।