গাজায় হামলার প্রতিবাদে নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূতদের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করেছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা। স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বিপুলসংখ্যক শিশু অংশ নেয়। প্লাকার্ড ও ফেস্টুন হাতে এসব শিশু ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলে, এ পৃথিবীতে জন্ম নেয়া প্রত্যেক শিশুর ভালোভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু গাজায় ফিলিস্তিন শিশুদের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ বিশ্ব নেতৃবৃন্দ এ ব্যাপারে এগিয়ে আসছে না। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি বংশোদ্ভূত এসব শিশু গাজায় ইসরায়েলি হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ চেয়েছে। সমাবেশে শিশুরা ইসরায়েলের বিরুদ্ধে নানান শ্লোগান দেয়। বিভিন্ন বয়সের ও শ্রেণীপেশার মানুষ এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে ইসরায়েলি বর্বরতার নিন্দা জানান। বিক্ষোভ সমাবেশের আয়োজক জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানান।