ময়মনসিংহে জমি ক্রেতাদের দুর্ভোগ

গত দুই বছরে ময়মনসিংহ শহরতলিতে জমির দাম কমেছে। কিন্তু কর্তৃপক্ষ প্রকৃত দাম যাচাই না করেই প্রতি বছর নির্ধারিত হারে জমির দাম বাড়িয়েই যাচ্ছেন। গত জানুয়ারি মাসে আমি পূর্ব খাগডহর গ্রামে সাড়ে তিন শতাংশ জমি ছয় লাখ টাকায় কিনে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দলিল করতে বাধ্য হই। প্রকৃত ক্রয়মূল্য থেকে দলিলের মূল্য কম দেখানো যেমন অপরাধ, তেমনি বেশি মূল্য দেখানোও নিশ্চয়ই অপরাধ। পূর্ব খাগডহর এলাকায় এমন জমিও আছে, যার বাজার মূল্য প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকার বেশি নয়। কিন্তু এসব জমি ক্রয় করলেও দলিলে প্রতি শতাংশের দাম উল্লেখ করতে হয় দুই লাখ বারো হাজার টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক