রিজভীর বক্তব্যে ফের দেশে অরাজকতার আভাস
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২২:০৮
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যদি পাঁচ জানুয়ারির নির্বাচনের আগের মতো আবারও দেশে অরাজকতা সৃষ্টি করে তবে ২০ দলীয় জোটের বিষ দাঁত ভেঙে দেয়া হবে। জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করে হত্যার রাজনীতিকে উত্সাহিত না করার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকি ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। ঈদের পর প্রায় ৩ দিন অতিবাহিত হতে চললেও তাদের কোন খবর নেই। তাদের সিনিয়র নেতারা আন্দোলনের কথা বলে চিকিত্সার নামে ইতিমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। ‘সরকার অস্ত্রের ভাষায় কথা বললে বিএনপির নেতাকর্মীরাও বসে থাকবে না’ মর্মে সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, তার এ ধরনের বক্তব্যে আবারও দেশে অরাজকতার আভাস পাওয়া যাচ্ছে। যদি তাই হয় তাহলে অবশ্যই তা কঠোর হাতে প্রতিহত করা হবে।
গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের ব্যাপারে সরকারকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, তোবা গার্মেন্টস গ্রুপে শ্রমিক আন্দোলন আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ।
নাগরিক সমাজের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, নারী নেত্রী ফাতেমা জামান সাথী প্রমুখ।