ঈদের কোলাকুলির ফাঁদ পেতে...
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২২:২৫
আফগানিস্তানে সন্ত্রাসবাদের শিকার এবার খোদ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ফুপাতো ভাই হাসমাত কারজাই। জঙ্গিরা তাকে দীর্ঘদিন ধরে টার্গেট করেও বাগে পাচ্ছিল না। কিন্তু এবার ঈদের দিনটাই তার জীবনে শেষ দিন হয়ে এলো। জঙ্গিদের চাতুর্যের কাছে হার মানলেন তিনি। মারা গেলেন আত্মঘাতী বোমায়। কান্দাহারে হাসমাতের কাছে ঈদের শুভেচ্ছা জানাতে এসে লুকিয়ে পাগড়িতে বোমা বেঁধে আসে সেই আত্মঘাতী জঙ্গি। ঈদের কোলাকুলি করতে আসছেন দেখে হাসমাত আর সন্দেহ করেননি। ঈদের আনন্দে সব সন্দেহ ভুলে গিয়েছিলেন। তিনিও এগিয়ে গেলেন। হাসমাত সেই জঙ্গিকে জড়িয়ে ধরতেই তার পাগড়ির ভেতরের বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যান জঙ্গিসহ হাসমাত। এই হাসমাতকে দুনিয়া চিনতো সিংহ পালক রাজনীতিবিদ হিসাবে। পোষা সিংহসমেত হাসমাতের ছবি দেদার শেয়ার হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
প্রেসিডেন্ট নির্বাচনে ঘানির প্রচার প্রধান হিসাবে কাজ করেছিলেন হাসমাত। প্রেসিডেন্ট নির্বাচনে ঘানির প্রধান প্রতিপক্ষ আবদুল্লা আবদুল্লার সঙ্গে কয়েক মাস ধরেই খুব বিবাদ চলছে। ভোট গণনার প্রাথমিক পর্বে এগিয়ে রয়েছেন ঘানি। কিন্তু আবদুল্লা কিছুতেই ভোটের রায় মেনে নিতে রাজি নন। আবদুল্লার অভিযোগ, কারজাই পরিবারের ষড়যন্ত্রে তাকে জোর করে হারানো হচ্ছে। প্রাথমিক ধারণা, সেই বিবাদের জেরেই প্রেসিডেন্টের ভাইকে এভাবে খুন হতে হলো।