সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর কর্মকর্তাসহ নিহত ৯
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪২
টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা এবং নান্দাইল উপজেলার কানারামপুর, ভালুকা উপজেলায় গতকাল রবিবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর কর্মকর্তাসহ নয়জনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে অন্তত ১৪ জন।
মির্জাপুর সংবাদদাতা জানান, গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মনসুর দুল্লা নামক স্থানে প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিমান বাহিনীর ফ্লাইট লে: ইঞ্জিনিয়ার ও গাড়ি চালকসহ চার জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় চারজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছে বিমান বাহিনীর ফ্লাইট লে: ইঞ্জিনিয়ার এম রুস্তম আলী (৪৯), গাড়ি চালক শহিদুল ইসলাম সরদার (৫৬), ঢাকার ফার্মাসিটিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী নাভিলা (৪০) এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সাদমান (১৬)। এদের বাড়ি নওগাঁ জেলায় বলে পুলিশ সূত্র জানিয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি জানান, গতকাল ঢাকাগামী প্রাইভেটকার এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমরে-মুচরে যায়। এসময় মাইক্রোবাসের চালক ও নাবিলা ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সাদমান মারা যায়। সন্ধ্যায় আশংকাজন অবস্থায় বিমান বাহিনীর ওই কর্মকর্তা রুস্তম ও রাছানকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে রুস্তম আলী মারা যান। দুর্ঘটনার কারণে টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, দেলদুয়ার উপজেলার লাউহাটি ব্রিজের পাশে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই অটোরিক্সার ছয়জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মিন্টু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ মারা যায়। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টার বাড়ি এলাকায় বাস চাপায় একই পরিবারের দুই নারী নিহত হন। দেলদুয়ার থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ময়মনসিংহ প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ওই সড়কে ঢাকা অভিমুখী বেপরোয়া গতিতে আসা একটি বাস ওই দুই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহতরা হলেন লতা বেগম (২৮) ও সালেহা খাতুন (৫০)। তাদের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডাঙ্গা গ্রামে। গতকাল ভালুকা থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে ময়মনসিংহের নান্দাইলের কানারামপুর এলাকায় বাস চাপায় একই পরিবারের দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানারামপুর এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সিদ্দিক (৫৫) ও আবু রায়হানের (৫) মৃত্যু হয়। নিহতদের বাড়ি নান্দাইল উপজেলার দরিল্যা গ্রামে। নান্দাইল থানার ওসি জানান, বাসসহ চালক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।