রূপগঞ্জে ট্রাক দুর্ঘটনা

চালক সিগারেট ধরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবজি বোঝাই ট্রাকটি দুর্ঘটনার কবলিত হওয়ার পেছনে অতিরিক্ত যাত্রী বোঝাই করা এবং চালকের অসাবধানতাই দায়ী বলে জানিয়েছে কয়েকজন ট্রাক যাত্রী। চালক নেয়ামুল হক সিগারেট জ্বালানোর সময় নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে পড়ে ৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। ঘটনাস্থলে মারা যান নওগাঁর পত্নীতলা এলাকার বিরিঞ্চ গ্রামের ধনেশ ওরাও (৩০), স্বপন ওরাও (১৬), সুশীল পাহান (১৬) ও সুশীল ওরাও (১৯)। ঘটনাস্থলে মারা যাওয়া অন্য তিনজন হলেন শিশির (৪৮), সুব্রত কুমার (৪০) এবং জয়পুরহাটের ক্ষেতলাল থানার তিলাবধুল সাজিদাপাড়া গ্রামের আজিমউদ্দিন মন্ডলের ছেলে বাবুল মন্ডল (৪০)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মিলন (৩৫) ও সবুর হোসেন (৪০) নামের আরো ২জন। ট্রাকে থাকা ব্যবসায়ী হেলালউদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৭টায় ২০০ বস্তা পটল ও ১৫ বস্তা বেগুন বোঝাই করে বগুড়া থেকে ট্রাকটি রওনা দিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় ট্রাকের ওপর ১৯ জন ও চালকের সাথে মহিলাসহ আরো ৭জন যাত্রী উঠানো হয়। সবজি বোঝাই ট্রাকটি মদনপুর-গাজীপুর সড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল চৌরাস্তায় পৌঁছলে চালক সিগারেট জ্বালানোর সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশের একটি ফার্নিচারের দোকানে আঘাত করে এবং ১৮ ফুট গভীর খাদে পড়ে যায়। আহতদের রূপগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ৩টার দিকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, দুর্ঘটনার সাথে সাথে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে অবহিত করা হলে রাত ৩টায় নিহত ৭ জনের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নেয়া হয়। অপর দুইজন চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। আদিবাসি পল্লীতে শোকের মাতম নওগাঁর প্রতিনিধি জানান, ট্রাক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বিরিঞ্চ গ্রামে। এরা সবাই আদিবাসি সম্প্রদায়ের অধিবাসী। একই গ্রামের চারজনের মৃত্যুতে আদিবাসি পল্লীতে চলছে শোকের মাতম। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। নিহতরা হলেন সানু ওরাও এর ছেলে ধনেশ ওরাও (৩০), গণেশ ওরাও এর ছেলে স্বপন ওরাও (১৬), কৃষ্ণ পাহানের ছেলে সুশীল পাহান (১৬) ও ঘাওয়া ওরাও এর সুশীল ওরাও (১৯)। এ সময় একই গ্রামের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন রিপন ওরাও, মহেন্দ পাহান ও সুবদ পাহান। পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক জানান, নিহতদের সকলেই চট্টগ্রাম বন্দরে কাজ করতেন। ঈদ-এর ছুটি শেষে তারা একটি সবজি বোঝাই ট্রাকে করে কর্মস্থলে যাচ্ছিলেন।