খাওয়ার আগে প্রার্থনা করলে ডিসকাউন্ট!

রেস্টুরেন্টে কাস্টমারদের আকর্ষণের জন্য অনেক কিছুই করে থাকেন মালিক। বেশিরভাগ মালিকই বিভিন্ন প্রকারের খাবারে ছাড় দিয়ে থাকেন। এমনকি এই ছাড়ের কথা জানাতে কাস্টমারদের বাড়ি বাড়িও যায় রেস্টুরেন্টের কর্মচারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এক রেস্টুরেন্ট মালিকও খাবারে ছাড় দিয়েছেন। তবে সেটা অন্যসব রেস্টুরেন্টের চেয়ে ভিন্ন। এখানে ছাড় পেতে হলে প্রার্থনা করতে হবে! কাজটি করেছেন নর্থ ক্যারোলিনার মেরিস গরমেট ডাইনার ইন উইনস্টার সালেমের মালিক মেরি হাগল্যান্ড। তিনি জানান, তার রেস্টুেরেন্টে এসে কেউ যদি প্রকাশ্যে প্রার্থনা করেন তখন তিনি খাবারে ১৫ শতাংশ ডিসকাউন্ট দেন। এই কাজটি তিনি গত চার বছর ধরে করছেন। কিন্তু এটি প্রকাশ্যে আসে গত সপ্তাহে। এক কাস্টমার এই খবরটি তার ফেসবুকে পোস্ট করলে সবার নজরে আসে। মেরি হাগল্যান্ড জানিয়েছেন, তার কাছে প্রত্যেকটি খাবারের প্লেটই ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহারস্বরূপ। তাই কেউ যখন টেবিলে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তখন তার হূদয় ছুঁয়ে যায়। আর তাই তিনি এই ধরনের ছাড় দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা কাস্টমারদের আকর্ষণের কোনো নীতি নয় বলেও তিনি জানান। কেবলই প্রার্থনার জন্য! - ইউপিআই