মহানবীকে কটাক্ষ
না’গঞ্জে এক ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ তওবা আদায়
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মহানবী রাসূল (স:)কে কটাক্ষ করায় এক ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার দুই দফা মিছিলের পর ওই ব্যক্তি শেষতক প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে মসজিদে গিয়ে নতুন করে কালেমা পড়েন। তবে তওবা করার সময়েও প্রথম দিকে অনীহা প্রকাশ করায় তিনি উত্তেজিত মুসল্লিদের মারধরের শিকার হন।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহমুদ জানান, ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকাতে বসবাসকারী মোবারক শিকদার শহরের কালীর বাজার এলাকাতে অবস্থিত শিকদার ইলেকট্রনিক্স-এর মালিক। তিনি আওয়ামী লীগের একজন কর্মী ও সমর্থক। গত কয়েকদিন ধরে তিনি এলাকাতে মহানবীকে নিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য, কটাক্ষ করে আসছেন। এতে এলাকার লোকজন তার ওপর ক্ষিপ্ত হয়।
এ ঘটনার জের ধরে বাদ জোহর নামাজ শেষে পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিকালে বাদ আছর আবারো মিছিল বের করে এলাকার উত্তেজিত মুসল্লিরা। পরে লোকজন মোবারক শিকদারকে ধরে বাইতুস সালাম জামে মসজিদে নিয়ে গিয়ে তওবা করার জন্য চাপ দেয়। তখন মোবারক শিকদার অনীহা প্রকাশ করলে তাকে মারধর করে লোকজন।