শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ২০

ঝিনাইদহে শৈলকুপা উপজেলায় বগুড়া ইউনিয়নের বগুড়া, অলফাপুর ও রত্নাট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রবিবার আওয়ামী লীগ সমর্থিত ২ পক্ষের সংঘর্ষে ৩ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, জেলার শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা চান মিয়ার মধ্য এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে ২ পক্ষের সমর্থকরা ঢাল, শরকি, রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ৩ পুলিশসহ ২০ জন আহত হয়। আহতদের ৩ জন ঝিনাইদহ, ২ জন শৈলকুপা ও ২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষকালে ২০টি বাড়ি ভাংচুর করা হয়।