হিমালয় ও গঙ্গার মতো প্রাচীন আমাদের বন্ধুত্ব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রবিবার নেপাল সফর শুরু করেছেন। সফরের শুরুতে কাঠমান্ডু বিমানবন্দরে তাকে জাঁকালো অভ্যর্থনা প্রধান করেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। এ সময়ে ১৯ বার গান স্যালুট দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পরে নেপালের পার্লামেন্টে ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটা তার তৃতীয় বিদেশ সফর। এর আগে ভুটান ও ব্রাজিল গিয়েছেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এ বার গেছেন নেপালে। নেপালি পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, হিমালয় এবং গঙ্গা যতটা প্রাচীন, ততটাই প্রাচীন আমাদের দুই দেশের বন্ধুত্ব। সীমান্ত আমাদের দু’দেশের কাছে সেতু হওয়া উচিত, পাঁচিল নয়। আপনারা আমাদের প্রতিবেশি দেশ। আর আমরা বৃহত্তম গণতন্ত্র। তাই গণতন্ত্রের যে পথে আপনারা চলেছেন, আমি বলব সেটাই সঠিক পথ। আমাদের আশা, আপনারা এতটাই উন্নতি করুন, তা যেন হিমালয়ের উচ্চতাকেও ছাড়িয়ে যায়। ভারত-নেপালের ঘরোয়া রাজনীতিতে হস্তক্ষেপ করে, দীর্ঘদিন ধরে প্রচলিত এই অভিযোগ উড়িয়ে দিয়ে মোদী বলেন, আমরা বরাবর বিশ্বাস করেছি যে, হস্তক্ষেপ করা আমাদের কাজ নয়। চলার পথে সমর্থন জোগানোই আমাদের কাজ। তিনি বলেন, পাহাড়ি দেশ নেপালে ভেষজ উদ্ভিদ জন্মায় বিপুল সংখ্যায়। এ থেকে তৈরি হচ্ছে ভেষজ ওষুধ। ভারত চায়, ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক নেপাল। ভারতই বরং কিনে নেবে ভেষজ ওষুধ। কারণ ভারতে এ ধরনের ওষুধের চাহিদা ক্রমশ বাড়ছে। গত ১৭ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নেপাল সফরে এলেন। এর আগে ১৯৯৭ সালের জুনে আই কে গুজরাল নেপাল সফর করেন।