গল্প নয় সত্যি
১০০ রুপির হাসি!
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪২
জাদুকরের মনোমুগ্ধকর কোনো জাদু দেখে মুগ্ধ হন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। তবে অধিকাংশ মানুষের কাছে যেটা নেহাতই বিনোদন সেটাই সম্প্রতি অবিশ্বাস্য এক আনন্দের উপলক্ষ্য হয়ে এসেছিল পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী নয়া দিল্লি’র একদল ভিক্ষুকের কাছে। আর তাদের জন্য এই আনন্দময় অভিজ্ঞতা যিনি বয়ে নিয়ে যান তিনি হলেন স্ট্রিট ম্যাজিশিয়ান গৌতম শোলা। মূলত ভিক্ষুকদের কাছে থাকা এক রুপির পয়সাকে একশ রুপির কাগজের নোটে রূপান্তরিত করার জাদু দেখিয়ে রীতিমতো চমকে দেন শহরের দরিদ্রতম এই মানুষগুলোকে। আর গৌতমের এই স্ট্রিট ম্যাজিক শো’র ভিডিওচিত্র ইউটিউবে প্রকাশিত হবার পর সেটি সংবাদ শিরোনাম হয়ে এসেছে বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে। ইউটিউবের এই ভিডিওচিত্রটিতে দেখা যায়, গৌতম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্ষুকদের কাছে এক রুপির পয়সা চাইলে তাদের প্রায় সবাই প্রথমে বেশ অবিশ্বাস নিয়েই তাকাতে থাকে। আর তাদের দেওয়া এই পয়সাকে গৌতম যখন হাতের কারসাজিতে মুহূর্তেই একশ রুপির নোটে পাল্টে দেন তখনও সেই একই অবিশ্বাস নিয়ে তাকাতে থাকেন ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করা এই মানুষেরা। মূলত এভাবে হাতের কারসাজিতে পাল্টে যাওয়া একশ রুপির নোটগুলো আসল নাকি সেটাও কোনো দৃষ্টিবিভ্রম সেটাই যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তাদের। তবে গৌতম যখন একশরুপির নোটটি তাদেরকে একেবারেই দিয়ে দেন তখন তাদেরকে গৌতমের জন্য প্রার্থণা করতে বা আনন্দের হাসি হাসতে দেখা যায়। আর সমাজের প্রান্তিক শ্রেণীর এই মানুষদের হাসিগুলোকেই চিত্রায়িত করে ‘দ্য হান্ড্রেডরুপি স্মাইল’ নামে প্রকাশ করা হয় ইউটিউবে যেটি ইতোমধ্যে দেখা হয়েছে দেড় লাখবারেরও বেশিবার। এরমধ্যে অনেকে গৌতমকে সাধুবাদ জানালেও কেউ কেউ এই ধারণাটি স্টুয়ার্ট এজ নামের অপর এক পশ্চিমাজাদুকর থেকে অনুকরণ করা বলে সমালোচনা করেছেন। যদিও এ ধরনের অনুকরণের মাধ্যমে যেখানে অন্যদের আনন্দ দেওয়া যায় সেখানে অনুকরণের বিষয়টিকে অধিকাংশ দর্শকই বড় করে দেখতে চাননি।