আবারো সম্মান রক্ষায় নবদম্পতি খুন পাঞ্জাবে

ফরজানা পারভিন হত্যার স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। চলতি বছরের মে মাসে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য লাহোর হাইকোর্টের বাইরে বাবা ও ভাইয়ের হাতে খুন হতে হয় বছর পঁচিশের ফরজানাকে। ফের সম্মানরক্ষার্থে খুনের অভিযোগ উঠল। এবারো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য হাত এবং পা কেটে ও গুলি করে হত্যা করা হল সদ্য বিবাহিত এক দম্পতিকে। চাকওয়ালের বাসিন্দা জাহির ইকবাল এবং করারের বাসিন্দা মারিয়াম বিবি দু’সপ্তাহ আগে আদালতে গিয়ে বিয়ে করেন। দু’জনেরই বয়স কুড়ির কোঠায়। জাহিরের পরিবার মারিয়ামের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন তারা। এর পরেই দু’জনে আদালতে গিয়ে বিয়ে সেরে ফেলেন। শনিবার মারিয়ামের ভাইয়েরা খুঁজে বের করে ফেললেন তাদের ঠিকানা। গুলি করেন দু’জনকে। — আনন্দবাজার পত্রিকা