কবীর সুমনকে আমি পছন্দ করি না, ও ভালো মানুষ না!

ঈদ উপলক্ষে আমাদের দেশীয় চ্যানেলের আমন্ত্রণে গান গাইতে এসেছেন ওপার বাংলার প্রখ্যাত শিল্পী নচিকেতা চক্রবর্তী। একটি স্যাটেলাইট চ্যানেলে গান ছাড়াও একাধিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এছাড়া একাধিক শিল্পীর সাথে নতুন গান গাইছেন এই গুণী শিল্পী। তারই এই হরেক রকম কাজের ফাঁকে নচিকেতার সাথে কথা হয় ঢাকার একটি স্টুডিওতে। নিজের স্বচ্ছন্দ জীবনেও কিছুটা খামতি এসেছে। শোনা যাচ্ছে নচিকেতার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। এ নিয়ে জানতে চাইলেই তিনি বলেন, ‘এটা তো চেকআপের চূড়ান্ত হলে বোঝা যাবে।’ এদেশে নচিকেতার ঘনিষ্ঠ বন্ধু রবি চৌধুরীসহ অনেকে। রবি চৌধুরীর সাথেও বেশ কিছু গানের কাজ করেছেন। গান গাইছেন আমাদের শাকিলা জাফর ও সামিনা চৌধুরীর সাথে। এছাড়া উঠতি কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের সাথেও গাইছেন একটি গান। ওপার বাংলার সঙ্গীত চর্চা প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘একই অবস্থা। এই বেশ ভালো আছি। এর ভেতরে একটি মেগাসিরিয়ালের টাইটেলে কণ্ঠ দিলাম। এছাড়া নতুন অ্যালবামের কাজও গোছাচ্ছি।’ এর বাইরে নিজের লেখালেখি কেমন চলছে, জানতে চাইলে নচিকেতা বলেন, ‘এই তো এর ভেতরে একটি উপন্যাস লিখে ফেলেছি। আগামী পুজা বার্ষিকীতে বের হবে।’ গানের ফাঁকে নিজের কাজ নিয়ে বেশ রসিকতা করেই বলেন, ‘কয়দিনেরই বা জীবন। এই ছোট্ট জীবনে আনন্দ-ফুর্তি করেই কাটিয়ে দিতে চাই।’ কথার ভাঁজেই উঠে আসে কবীর সুমনের প্রসঙ্গ, আসে রাজনীতির কথা। নচিকেতা বলেন, ‘সবার সাথেই আমার ঝগড়া, আবার আমাকে ছাড়া ওদের চলেও না। তবে প্রত্যক্ষ রাজনীতিতে আসার কোনো ইচ্ছে আমার নেই।’ কবীর সুমনের সাথে দেখা-সাক্ষাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে আমি এড়িয়ে চলি। কবীর সুমনকে আমি পছন্দ করি না, ও ভালো মানুষ না। ওর প্রসঙ্গ থাক। অন্য বিষয়ে কথা বলি। নয়তো আমার মুডটাই নষ্ট হয়ে যাবে।’ এরপরই সামিনা চৌধুরীর সাথে একটি ডুয়েট গানের ভয়েস দিতে ঢুকে পড়লেন স্টুডিওতে। কবীর সুমন প্রসঙ্গ টানতেই থমকে রইলেন অনেকক্ষণ। দীর্ঘ অভিমানের ভারী বাতাস যেন ছুঁয়ে যায় শিল্পীর দুচোখ। সুমন প্রসঙ্গে কথা বললে কোনো কথাই বলবেন না বলেই উঠে যান তিনি!