রংপুরে বৃষ্টির আশায় আমন চাষিরা
ওয়াদুদ আলী, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২১:১৭
পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় রংপুর বিভাগের আট জেলায় আমনের আবাদ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তারা আশায় আছেন কখন আসবে বৃষ্টি। বাড়তি খরচ করে জমিতে সেচ দিচ্ছেন তারা। অনেকে ধার-দেনা করে জমিতে সেচ দিয়েও ফলনের ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না।
গত রবিবার মাঠে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে কিছুটা বৃষ্টি হওয়ায় বীজতলা তৈরি করেন অনেকেই; কিন্তু পরে বৃষ্টি না হওয়ায় অনেকেই জমিতে চারা রোপণ করতে পারেননি। কিছু কৃষক সেচের মাধ্যমে জমি তৈরি করে চারা রোপণ করছেন; কিন্তু এখন বৃষ্টি না হওয়ায় তাদের আমন ক্ষেত পানির অভাবে ফেটে যাচ্ছে। আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
মিঠাপুকুর উপজেলার আমন চাষি আশরাফুল ইসলাম তিন একর জমিতে আমন আবাদ করেছেন। ক্ষেতে পানি না থাকার কারণে তিনি প্রতি একর ৮শ থেকে এক হাজার টাকা খরচ করে সেচের মাধ্যমে পানি দিয়েছেন। তার মোট খরচ হয়েছে আড়াই হাজার টাকার ওপরে। পায়রান্দের হায়দার মিয়া দুই একর জমিতে সেচ দিয়েছেন ১ হাজার ৮শ টাকায়। এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে আবারো জমিতে সেচ দিতে হবে। তা না হলে চারা শুকিয়ে যাবে।
রংপুর ও রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ অঞ্চলের আট জেলায় ১০ লাখ ৮৫ হাজার ৬শ ৬৬ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানা যায়, উত্তরাঞ্চলে এ পর্যন্ত প্রায় ছয় লাখ ৯০ হাজার হেক্টরের বেশি জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। ১৫ আগস্টের মধ্যে বাকী জমিতে রোপণ সম্পন্ন হবে বলে কৃষি বিভাগ আশা প্রকাশ করেছে। দিনাজপুরসহ বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা যায়, এ পর্যন্ত ৫০ শতাংশ জমিতে আমনের চারা লাগানো হয়েছে। বাকি চারা আগামী ১৫ দিনের মধ্যে লাগাতে না পারলে ফলন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর কৃষি এডি অফিসের কর্মকর্তা কমল সরকার জানান, আমন রোপণের সময় এখনো রয়েছে। এনিয়ে কৃষকদের চিন্তিত হওয়ার কারণ নেই।
পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি
রংপুরে অবিলম্বে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মানববন্ধন, গণঅনশন, সমাবেশ ও ঝাড়ু মিছিলের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন শুরু করা হবে। রবিবার বিকেলে রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের দাবিতে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে এই ঘোষণা দেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত এই সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, চেম্বার নেতা এনামুল হক সোহেল, শিক্ষক নেতা আব্দুল ওয়াহেদ মিঞা, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রলীগ নেতা রাফিউল ইসলাম রাফি প্রমুখ। সুধী সমাবেশে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবির আন্দোলন সফল করার লক্ষ্যে মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে প্রধান করে একটি সংগ্রাম কমিটি গঠনসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।