মনিরামপুরে সংখ্যালঘুদের বাড়িতে একের পর এক ডাকাতি, এলাকায় আতঙ্ক
মণিরামপুর (যশোর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২১:১৭
যশোরের মণিরামপুরে সংখ্যালঘু হিন্দু সস্প্রদায়ের বাড়িতে একের পর এক ডাকাতি সংঘটিত হওয়ায় জনমনে আতঙ্ক এবং পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
জানা যায়, ১০ দিনের ব্যবধানে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে একের পর এক ডাকাতি সংঘটিত হয়েছে। গত ২২ জুলাই পাঁচবাড়িয়া গ্রামের প্রজ্ঞান মন্ডলের বাড়ি, ২৪ জুলাই পৌর এলাকায় দিনে-দুপুরে বিজয়রামপুর গ্রামের রাজ কুমার স্বরের বাড়ি, ২৫ জুলাই সৈয়দ মাহমুদপুর গ্রামের শ্যামল দেবনাথের বাড়ি, ৩১ জুলাই সুন্দলপুর গ্রামের স্বপন দাশের বাড়ি এবং ২ আগস্ট পৌর এলাকার মোহনপুর গ্রামের ব্যবসায়ী কৃষ্ণ ঘোষের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। সশস্ত্র ডাকাত দল স্বর্ণালংকার, নগদ অর্থসহ লক্ষ লক্ষ টাকার মালামাল লুট ও গৃহকর্তাদের মারধর করে আহত করে। এসকল ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।