নির্মাণ হতে যাচ্ছে মতলব সেতু লাঘব হবে ৬ লাখ লোকের দুর্ভোগ
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩২
মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার ৬ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মিত হতে যাচ্ছে মতলবের ধনাগোদা নদীর উপর প্রস্তাবিত ‘মতলব সেত’ু।
এ সেতুটি নির্মিত হলে জেলা সদর চাঁদপুর, লক্ষীপুর, শরিয়তপুর ও নোয়াখালীসহ দক্ষিণাঞ্চলের লোকদের যাতায়াত সহজতর হবে ও প্রায় ২ ঘন্টা সময় কম লাগবে ঢাকা যেতে।
চাঁদপুর সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় ৮৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এ সেতু আগামী সেপ্টেম্বরে শুরু হয়ে ২০১৬ সালের জুন মাসে শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। সড়ক যোগাযোগ সহজ ও স্বল্প ব্যয়ে করার লক্ষে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে বিবেচ্য প্রকল্পের আওতায় ৩০৪.৫১ মিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ধনাগোদা নদীর উপর এ সেতুটি নির্মাণ করা হলে উল্লেখিত জেলার লোকদের যাতায়াত ভায়া কুমিল্লার পরিবর্তে ভায়া মতলব হয়ে হবে। এছাড়া চাঁদপুুর সদর হতে রাজধানী ঢাকার দূরত্ব ৪০.০০ কিলোমিটার হ্রাস পাবে। যাতায়াত ভাড়া কমে গেলে লক্ষীপুর, নোয়াখালী জেলার লোকজন এবং যানবাহনসমূহ এ সেতুর মাধ্যমে কম সময়ে ঢাকা পৌঁছতে পারবে। একদিকে দু’উপজেলার লোকজনের দীর্ঘদিনের যে সীমাহীন কষ্ট তা যেমন লাঘব হবে অন্যদিকে এ সেতুটি নির্মাণের ফলে স্থানীয় উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে।
চাঁদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, এ মাসে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হলে দ্রুততম সময়ে শুরু হবে এ সেতুর নির্মাণ প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর মাসে এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার প্রত্যাশা করছি।