কাউনিয়ায় পানির অভাবে আমন চাষ ব্যাহত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা মৌসুমের শেষ পর্যায়ে শ্রাবণ মাস চললেও আবাদি জমিগুলো খরায় পুড়ছে। খাল বিলে পানি না থাকায় চলতি রোপা আমন চাষ ব্যাহত হচ্ছে। এখন সেচই একমাত্র ভরসা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলায় প্রায় ১০ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কৃষকরা এখনো জমিতে আমনের চারা রোপণ করতে না পারায় লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশংকা করা হচ্ছে। সমপ্রতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষকৃত জমিগুলো চৈত্র মাসের খরার মতো ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকরা পানির অভাবে আমন চারা এখনো রোপণ শুরু করতে পারেনি। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছর যে সময় তারা জমিতে চারা রোপণে ব্যস্ত সময় অতিবাহিত করে আসছিল, আর এ বছর তারা এখনো চারা রোপণ করতে পারেনি। এখন যদি বৃষ্টি না হয় তাহলে অসময়ে আমন ধান রোপণ করে তেমন লাভ হবে না। উপজেলার সাব্দী এলাকার কৃষক আবুল হোসেন, আব্দুল করিম, সাহাবাজ এলাকার জয়নুল, মতিনসহ কৃষকরা বলেন, বর্ষা মৌসুমে জমিতে পানি না থাকায় অধিকাংশ জমিতে তিনি এখন পর্যন্ত চাষ দিতে পারেন নি। সামান্য কিছু জমিতে সেচ দিয়ে চাষ করার চেষ্টা করা হলেও পল্লী বিদ্যুতের লোড শেডিংয়ের কারণে সেটাও পারা যাচ্ছে না। তারা জানান, প্রাকৃতিকভাবে পানি বৃদ্ধি না পেলে সেচ ব্যবহার করে যদি আমন ধান আবাদ করতে হয়, তা হলে উত্পাদনের খরচ বৃদ্ধি পাবে। এতে করে অনেক কৃষক আমন চাষের আগ্রহ হারিয়ে ফেলবে।