চিন্তিত ও অসন্তুষ্ট ওয়েঙ্গার

এমিরেটস কাপ প্রীতি টুর্নামেন্টে মোনাকোর কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার স্বীকার করেছেন তার দল এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তাদের এখনো ফিটনেসের সমস্যা রয়েছে। শনিবার বেনফিকাকে ৫-১ গোলে পরাজিত করার পরের দিনই রাদামেল ফ্যালকাওয়ের একমাত্র গোলে আর্সেনালকে পরাজয় বরণ করতে হয়। আর দলের এই পারফরমেন্সে ওয়েঙ্গার বলতে বাধ্য হয়েছেন, এটা মোটেই সন্তোষজনক ছিল না, পুরো দলের মধ্যেই ধীরগতি, পরিশ্রান্ত ভাব ছিল। তিনি আরো বলেছেন, মধ্য বিরতির সময় তিনি মধ্যমাঠ থেকে অলিভার জিরুকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছেন; কারণ ফ্রেঞ্চ এই স্ট্রাইকার মোটেই ম্যাচের জন্য প্রস্তুত ছিলেন না। তবে শুধু তিনিই নন দলের অন্যান্য খেলোয়াড়ের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করার মত কোন মানসিকতা দেখা যায়নি। জার্মানীর হয়ে বিশ্বকাপ জয়ের মিশন শেষ করার পরে মেসুত ওজিল, পার মারটিসাকার এবং লুকাস পোদোলস্কির সার্ভিস যে মৌসুমের শুরুতে পাওয়া যাচ্ছে না তা মোটামুটি নিশ্চিত হয়েছেন ওয়েঙ্গার। কিন্তু একইসাথে অভিজ্ঞ এই কোচ বলেছেন, এখনো দলকে ভাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য তার হাতে প্রচুর সময় রয়েছে। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে ওয়েঙ্গার বলেছেন, ‘আমি বিশেষ করে এই বিষয়ে একেবারেই চিন্তিত নই। এটা আমাদের জন্য দারুণ এক সতর্কবার্তা যে, আমরা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত নই। এখানে একটি ইতিবাচক দিক হচ্ছে ফিটনেস না থাকা সত্ত্বেও আমাদের খেলোয়াড়দের মধ্যে কোন ইনজুরি হয়নি।’ আগামী রবিবার কমিউনিটি শিল্ডে আর্সেনাল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। আর এর পরের সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মৌসুমের প্রিমিয়ার লীগ মিশন শুরু করবে। এদিকে জানুয়ারিতে ফ্রেঞ্চ কাপের ম্যাচে বাম হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হবার পরে এটাই ছিল ফ্যালকাওয়ের প্রথম ম্যাচ ও প্রথম গোল। এই ইনজুরির কারণে তিনি বিশ্বকাপেও খেলতে পারেননি। ২৮ বছর বয়সী কলম্বিয়ার এই তারকাকে দলে নিতে রিয়াল মাদ্রিদ জোর প্রচেষ্টা চালাচ্ছে। যদিও মোনাকো কোচ লিওনার্দো জারদিম জানিয়েছিলেন ফ্যালকাওকে তারা ছাড়বে না। ৩৭ মিনিটে তার দেয়া একমাত্র গোলে মোনাকো জয় তুলে নেয়। -বাসস