উখিয়ায় বিষ দিয়ে পান বরজ ধ্বংসের অভিযোগ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৪
উখিয়ায় বিষ ছিটিয়ে তিনটি পানের বরজ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় নয় লক্ষাধিক টাকার পান নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। গত রবিবার মধ্যরাতে রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়াপালং গ্রামে এই ঘটনাটি ঘটে। মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত পানের বরজ হারিয়ে হতদরিদ্র কামাল হোসেন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
সরজমিন ঘুরে গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, স্থানীয় নূর আহমদের ছেলে কামাল হোসেন (৪০) একজন পেশাদার পান চাষি। পান চাষ করে তিনি পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগান দিয়ে যাচ্ছিল দীর্ঘ দিন ধরে। ক্ষতিগ্রস্ত কামাল হোসেন জানান, প্রতিবছরের ন্যায় এবারও সে তিনটি পানের বরজ করেছিল। প্রায় আড়াই লাখ টাকা ব্যয় সাপেক্ষে ওই পানের বরজের পান বিক্রি করে সে প্রায় নয় লক্ষাধিক টাকা আয় করার পরিকল্পনা করছিল। এ লক্ষ্যে সেবা-শ্রম দিয়ে বর্তমানে পান বাজারজাত করার উপযোগী হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মুন্সী আলম মেম্বার এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্ত পান চাষি কামাল হোসেনকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার আবু কাউছার মোহাম্মদ সরওয়ার জানান, অর্থকরী ফসল পানের বরজ ধ্বংসকারী দুর্বৃত্তের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগী পরিবারকে সহায়তা করার প্রস্তুতি নেয়া হয়েছে।