নেইমারে ক্ষুণ্ন বার্সার ভাবমূর্তি ?

বার্সেলোনা প্রেসিডেন্ট ব্যার্টোম্যু স্বীকার কারছেন নেইমারের সঙ্গে প্রশ্নবিদ্ধ চুক্তিতে ক্লাবটি অনেক ভুগেছে, ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের দল বদল থেকে বার্সেলোনার অনেক শিক্ষা হয়েছে বলেও জানালেন বার্সার এই শীর্ষ কর্তা। গত মৌসুমে ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার ৫ কোটি ৭১ লাখ ইউরোতে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি করার সময় বার্সেলোনা যে ধরনের আলাপ-আলোচনা হয়েছে, তাতে নেইমারের বেতনাদি মিস হতে পারে বলে প্রশ্ন তুলেন সমাজকর্মী এবং বার্সাভক্ত জর্ডি ক্যাসেস। বার্সার সঙ্গে নেইমারের চুক্তিটি এখন বিচারিক তদন্তে রয়েছে। নেইমারের পরিবারের পরিচিত একটি কোম্পানীকে যে ৩ কোটি ৭৯ লাখ ইউরো দেয়ার কথা বলা হয়েছে এর কোনো প্রমাণ দেখাতে পারেনি বার্সা। নেইমারের চুক্তির ঘটনার আইনী ঝামেলায় এবং কর সংক্রান্ত নানা কারণে এক পর্যায়ে পদত্যাগ করতে হয় বার্সার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে। গত মৌসুমটায় বার্সার মাঠের পারফরম্যান্সও ভাল ছিল না। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারতে হয়েছে লা লিগা শিরোপা, রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে কোপা ডেল রের ফাইনাল। এরমধ্যে কম বয়সের তরুণ খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করায় দল বদলের বাজারে ক্লাবটির ওপর নেমে এসেছিল ফিফার নিষেধাজ্ঞার খরগ। যদিও পরবর্তীতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিতর্কিত বিষয়গুলোর কারণে গত ১২ মাসে বার্সার ভাবমূর্তি নষ্ট হয়েছে হয়েছে বলে স্বীকার করেছেন ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট ব্যার্টোম্যু। বিতর্কিত বিষয়গুলো আরো ভালোভাবে সম্পন্ন করা যেতো বলে মনে করেন তিনি। দ্যা টাইমসকে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘গত বছরে আমাদের অনেক শিক্ষা হয়েছে। অনেক ঘটনাই ঘটেছে, যেগুলো ইতিবাচক ছিল না। তারপরও ব্যাপারগুলোকে ভাল অভিজ্ঞতা হিসেবে অনুধাবন করতে হবে। কারণ সামনের দিনগুলোতে কি করতে হবে, এসব ঘটনার মধ্যদিয়ে আমরা তা বুঝতে পেরেছি।’ গত মৌসুমে বার্সার পারফরম্যান্স নিয়ে ব্যার্টোম্যু বলেন, ‘আমরা মনে করি না, বিশ্ব ফুটবলের মানদণ্ডে মাঠে আমাদের পারফরম্যান্সের পতন হয়েছে। এটা ফুটবল। এখানে যেকোনো দলই কোনো বড় ট্রফি ছাড়াই একটি মৌসুম শেষ করতে পারে। তবে মাঠের বাইরের কিছু ব্যাপার আমরা অনুভব করেছি। এরমধ্যে তরুণ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করায় ফিফার নিষেধাজ্ঞা ও নেইমারের বিষয়টি রয়েছে। এসব কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’ বার্সাকে সব ক্ষেত্রে গণতান্ত্রিক হওয়া এবং স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়ে ব্যার্টোম্যু বলেন, ‘এসব ব্যাপার এটাই নির্দেশ করে যে, আমাদের আরো গণতান্ত্রিক হতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা যা করি, এর সবকিছুরই ব্যাখ্যা দিতে হবে। নেইমার প্রশ্নে কিছু মানুষ মনে করে আমরা স্বচ্ছতা দেখায়নি। কিন্তু একজন সদস্যের অনুরোধে আমরা নেইমারের দল বদলের অর্থের পরিমাণ প্রকাশ করেছিলাম। কিন্তু এর ফল হয়েছে উল্টো। এ ব্যাপারে আমরা পুরো স্বচ্ছতার পরিচয় দিয়েছিলাম। পৃথিবীর আর কোনো ক্লাবই এমনটা করেনি, করবেও না।’ মাঠ এবং মাঠের বাইরে প্রত্যেকটি পর্যায়েই আরো ভাল করার তাগিদ দিয়ে এই ঊর্ধ্বতন কর্তা আরো বলেন, ‘কেবল ফুটবলীয় দৃষ্টিভঙ্গী থেকেই আমরা অন্যদের থেকে অধিকতর ভাল করলে চলবে না। সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও আমাদের ভাল করতে হবে। এটাই আমাদের ক্লাবের প্রকৃত অবস্থান। আমরা জানি আমাদের, প্রত্যেকটি স্তরেই আরো ভাল করতে হবে। ক্লাবের শীর্ষ পর্যায়ে আরো কার্যকরী হতে হবে এবং বিস্তৃত পর্যায়ে আরো পেশাদারিত্ব দেখাতে হবে। এই বিষয়গুলো আমরা করতে চেষ্টা করছি।’ এবারের দল বদলে ৮ কোটি ৮০ লাখ ইউরোতে উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে চুক্তিবদ্ধ করেছে বার্সা। ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও কিয়েলিনিকে কামড়ে দেয়ায় সকল ধরনের ফুটবল থেকে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছেন। বার্সা প্রেসিডেন্ট জানিয়েছেন, সুয়ারেজকে কিভাবে আরো ভালভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে লিভারপুলের কাছ থেকে পরামর্শ নেবে নেয়া হবে। ব্যার্টোম্যু বলেন, ‘তার (সুয়ারেজের) দুর্নাম আমাদের চিন্তাকে আদৌ প্রভাবিত করবে না। যথাযথ পথে খেলায় ফিরে আসার ব্যাপারে আমরা তাকে সব ধরনের সাহায্য করবো। সে যে ভুল করেছে, এটা সে জানে। এই কারণেই সে ক্ষমাও চেয়েছে। এটা সবাই জানে, সে যা করেছে তা ভুল ছিল। এটা অনুধাবনই আমাদের জন্য যথেষ্ঠ। আমরা চাইবো, লিভারপুলে যেভাবে খেলেছে, এখানে সে সেভাবেই খেলবে। এটা ভুলে গেলে চলবে না যে, গত মৌসুমে সে কেমন খেলেছে। তাকে নিয়ে লিভারপুল যা করেছে, সেখান থেকেই শিক্ষা নেবো আমরা।’