শেখ কামালের জন্মবার্ষিকীতে আবাহনীর কর্মসূচি

প্রয়াত ক্রীড়া সংগঠক জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আবাহনী আজ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। গতকাল রাতেই কর্মসূচির প্রথম পর্ব শুরু হয়। প্রথম প্রহরে ক্লাব টেন্টে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং তার জন্য বিশেষ দোয়া করা হয়। ধানমন্ডিস্থ আবাহনী টেন্টে দিনব্যাপী কোরান খতমের ব্যবস্থা করা হয়েছে। আবাহনীর উদ্যোগে শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা করে ক্লাবে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতার জন্মোত্সবটি যথাযোগ্য মর্যাদার সাথে স্মরণীয় করে রাখতে এবং মিলাদে অংশগ্রহণ করার জন্য কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী, কোচ, খেলোয়াড়সহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আবাহনীর ডাইরেক্টর ইনচার্জ কর্নেল (অবঃ) কাজী শাহেদ আহমেদ। শেখ কামালের হাতে গড়ে ওঠা আবাহনী ক্লাব আজ দেশের শীর্ষ ক্রীড়া সংগঠনে রূপ নিয়েছে। শেখ কামাল নিজে খেলাধুলা করতেন এবং একই সাথে সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন। তরুণ প্রজন্মকে খেলাধুলায় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেন। তিনি সংস্কৃতির নানা শাখায় অবদান রেখেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের সাথে নিহত হন শেখ কামাল।